৩০০ আসনে প্রার্থী দেয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এনসিপি —সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়া বড় চ্যালেঞ্জ। তবে এনসিপি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়া বড় চ্যালেঞ্জ। তবে এনসিপি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

গতকাল রংপুর নগরের কেরামতিয়া জামে মসজিদে জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এনসিপির রংপুর জেলার নেতাকর্মীদের নিয়ে বৈঠক করতে সাংগঠনিক সফরে গতকাল দুপুরে তিনি রংপুরে আসেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম বলেন, ‘আমাদের রাজনৈতিক দল এনসিপি গঠনের মাত্র এক মাস হয়েছে। আমরা শুনতে পাচ্ছি, এক বছরের মধ্যে নির্বাচনের কথা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ডিসেম্বর-জানুয়ারির মধ্যে নির্বাচনের কথা বলা হচ্ছে। খুব স্বাভাবিকভাবে ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেয়া আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা মনে করি, এ চ্যালেঞ্জ নিতে আমরা অভ্যস্ত এবং প্রস্তুত।’

এক যুগ ধরে গণমানুষের রাজনীতি ছিল না উল্লেখ করে তিনি আরো বলেন, ‘রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আঁধারে ভোট কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া। এখন যখন আমরা জনগণের রায়ে বাংলাদেশে নতুন করে নির্বাচনের আশা করছি, তখন আমাদের জায়গা থেকে মনে করি, জনগণের কাছে যেতে হবে। কারণ জনগণ তাদের ভোটাধিকার ফেরত পাবে। আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে সংসদে যেতে চাই।’

ঈদ-পরবর্তী এ সময়ে জাতীয় নাগরিক পার্টির সংগঠকরা সারা দেশের জেলাগুলোয় সাংগঠনিক সফর করবে বলে জানান সারজিস আলম। তিনি বলেন, ‘আমরা প্রতিটি অলিগলি ও বাড়িতে জনগণের কাছে যাব। আমরা বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখি, যা করতে চাই, আমাদের যা প্রত্যাশা, সেগুলো তুলে ধরব। জনগণ কী চায়, সেগুলো শুনতে আমরা তাদের কাছে যাব।’

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক রহমত আলী, জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদসহ দুই সংগঠনের নেতাকর্মীরা।

আরও