পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে বগি দুটি লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন ভাঙ্গুড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মালেক। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রায় ছয় ঘণ্টা পর সকাল ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে যাত্রা শুরু করে। আজ ভোর ৪টার দিকে ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছলে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় অনেক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে নেমে যান। প্রায় তিন ঘণ্টা পর সকাল সাতটার দিকে বগি উদ্ধারের কাজ শুরু হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার জানান, সকাল ৭টা থেকে ট্রেনটির উদ্ধারকাজ শুরু হয়। ১০টায় লাইনচ্যুত বগি দুটির উদ্ধার কাজ শেষ হয়। এরপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। পুলিশ যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে।