খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের এক নম্বর আইসিইউর রোগীদের দ্রুত সরিয়ে নেয়ার সময় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আগুন থেকে বাঁচতে গিয়ে আহত হয়েছে দুই নার্সসহ পাঁচজন।
আহতরা হলেন-হাসপাতালের স্টাফ সাইদুর রহমান (৫০), সিনিয়র স্টাফ নার্স নওরিন, দিপালী ও শারমিন। এ সময় তৌহিদ নামে ফায়ার সার্ভিসের একজন সদস্যও আহত হন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. দিলীপ কুন্ডু বলেন, পুরনো আইসিইউ ভবনের পাশের একটি কক্ষে শর্টসার্কিট থেকে আগুন লাগে। সেখানে পুরনো কাপড় ও কিছু সরঞ্জাম রাখা ছিল। আগুন ছড়িয়ে পড়ার পর কয়েকটি অক্সিজেন সিলিন্ডার ও পুরনো এসি বিস্ফোরিত হয়। এতে দেয়ালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো এলাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, আইসিইউতে থাকা ১৫ জন রোগীকে দ্রুত সরিয়ে নেয়া হয়। তাদের মধ্যে একজন রোগী আগুন লাগার আগেই মারা যান এবং আরেকজন রোগী স্থানান্তরের সময় মারা যান।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চারতলা ভবনের তৃতীয় তলায় পুরাতন আইসিইউ ইউনিটের পাশের একটি স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।