চট্টগ্রামে নাসিরাবাদ ভারী শিল্প এলাকা স্থাপন করা হয় পাকিস্তান আমলে। তত্কালীন অনেক বড় শিল্প গ্রুপের বিকাশ হয়েছিল এখানেই। বর্তমানে এখানে জায়গার অভাবে চাইলেও কারখানা চালুর জন্য শিল্প প্লট বরাদ্দ নিতে পারছেন না বৃহৎ শিল্পোদ্যোক্তারা। যারা নিচ্ছেন, সংকীর্ণ জায়গায় কারখানা গড়ে তুলতে হচ্ছে তাদের। যদিও অর্ধেকেরও বেশি প্লটে স্থাপিত কারখানা এখন এক প্রকার পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আবার অনেক প্লটে শিল্প-কারখানার পরিবর্তে আবাসিক ভবন বা গুদাম দেখা যায়। এমনকি রয়েছে ট্রাক স্ট্যান্ডও। তদারকির অভাবেই ঐতিহ্যবাহী ভারী শিল্প এলাকাটির এ দশা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিএসআরএম, আরএসআরএম, বায়েজিদ স্টিলসসহ দেশের ইস্পাত খাতের নামি প্রতিষ্ঠান ছাড়াও প্রতিষ্ঠিত কয়েকটি শিল্প গ্রুপের কারখানা রয়েছে নাসিরাবাদ শিল্প এলাকায়। স্বাধীনতার অনেক আগে প্রতিষ্ঠিত শিল্প এলাকাটি চট্টগ্রামের বায়েজিদ থানাধীন বায়েজিদ বোস্তামী এলাকায় অবস্থিত। গণপূর্ত বিভাগ-১-এর তথ্য অনুযায়ী, শিল্প এলাকাটি স্থাপন করা হয়েছিল ৩৯৬ দশমিক ৯৩ একর জমিতে। ওই সময় শিল্প এলাকাটিকে ২৯৬টি প্লটে ভাগ করে বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত জমির পরিমাণ ছিল ৩৫০ দশমিক ৩০ একর।
সরেজমিন নাসিরাবাদ ভারী শিল্প এলাকায় গিয়ে দেখা গিয়েছে, এখানে গড়ে ওঠা অনেক কারখানাই এখন বন্ধ অবস্থায় রয়েছে। বেশ কয়েকটি কারখানা গুদাম হিসেবে ভাড়া দেয়া হয়েছে। কারখানার ভেতরে ট্রাক স্ট্যান্ড বানিয়ে ভাড়া দেয়ার নজিরও দেখা যায় এখানে। এমনকি অনেক কারখানার ভেতরের পুরনো ভবন এখন রূপ নিয়েছে আবাসিক ভবনে। বন্ধ কিছু কারখানার ফটক পেরিয়ে সেখানে খালি জমি ছাড়া আর কিছু দেখা যায়নি।
শিল্প এলাকাটিতে স্থাপিত প্রতিষ্ঠানগুলোর একটি বাংলাদেশ পাটকল করপোরেশনের আওতাভুক্ত মিলস ফার্নিশিংস লিমিটেড। কারখানাটি দুই বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে বলে এখানকার এক নিরাপত্তারক্ষী জানালেন। ছয় বছরের বেশি সময় বন্ধ আছে ওরিয়ন বিস্কুট ফ্যাক্টরি। বর্তমানে প্রতিষ্ঠানটির কারখানা ভবনে স্থায়ীভাবে বসবাস করছেন বেশ কয়েকজন বাসিন্দা। পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে অন্তত ১০টি কারখানার প্লট। এগুলোয় কোনো সাইনবোর্ডও দেখা যায়নি। বন্ধ কারখানা সম্পর্কে স্থানীয়রাও তেমন কিছুই বলতে পারেননি। তাদের বক্তব্য অনুযায়ী, এগুলোর সবই অনেকদিন ধরে বন্ধ রয়েছে। মাঝেমধ্যে শোনা যায় কারখানাগুলো চালু হবে। যদিও প্লটগুলো এক প্রকার পরিত্যক্ত দশায়ই পড়ে থাকে।
স্থানীয়রা জানান, এমন অনেক কারখানা রয়েছে, যেগুলো দেড়-দুই যুগ আগেই বন্ধ হয়ে প্লট পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এসব কারখানার বাইরে থেকে বড় গেট আটকানো দেখা গেলেও ভেতরে হয় খালি অবস্থায় পড়ে আছে, নয়তো তা গুদাম হিসেবে ভাড়া দেয়া হয়েছে। বছরের পর বছর এভাবে পড়ে থেকে ভবনগুলোতে ভাঙন ধরেছে। এমনকি রাতে মাদকের আড্ডা বসারও অভিযোগ রয়েছে। যদিও শিল্প এলাকাটির নিয়ন্ত্রণকারী সংস্থা বা পুলিশ প্রশাসনকে বিষয়গুলো নিয়ে তদারকি করতে দেখা যায়নি।
১৯৯০ সালের দিকে ১০৪ কাঠা জমি লিজ নিয়ে চট্টগ্রাম নাসিরাবাদ ভারী শিল্প এলাকায় গড়ে ওঠে ফেইম গার্মেন্টস নামের এক শিল্পপ্রতিষ্ঠান। চালুর পর পোশাক কারখানাটির বেশ নামডাক ছড়িয়ে পড়ে। তবে অজ্ঞাত কারণে কারখানাটি ১৯৯৯ সালের দিকে বন্ধ হয়ে যায়। কারখানাটি আজও চালু করেনি মালিকপক্ষ। কারখানার মালিক ফরাস উদ্দিন এখন সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। কারখানাটির তদারককারী এটিকে ভাড়া দিয়েছেন গুদামঘর হিসেবে।
পরিত্যক্ত ফেইম গার্মেন্টসের তদারকির দায়িত্বে থাকা মো. হামিদ বণিক বার্তাকে জানান, আমি ১৯৯৭ সাল থেকেই এখানে কারখানা তদারকি করছি। ১৯৯৯ সালের পরই কারখানাটি বন্ধ হয়ে গিয়েছে। আর চালু করা হয়নি। অনেক পার্টি কারখানাটি নিতে আগ্রহী হলেও মালিকপক্ষ ছাড়েনি। বর্তমানে কারখানাটি গুদাম হিসেবে ভাড়া দেয়া আছে। সে টাকা দিয়ে নিরাপত্তাকর্মীর বেতনসহ অন্যান্য ব্যয় নির্বাহ করা হচ্ছে।
বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, চট্টগ্রামে বাণিজ্যিক খাতে গড়ে ওঠা নাসিরাবাদ শিল্পজোন এলাকায় জমির মূল্য অনেক বেশি। নগরীর শিল্পজোনগুলোয় ভারী কারখানার জন্য জমি না পেয়ে মিরসরাই বা দক্ষিণ চট্টগ্রামের দিকে সরে যাচ্ছেন শিল্পোদ্যোক্তারা। নাসিরাবাদ শিল্প এলাকায় অনেক শিল্প প্লট পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অনেকদিন ধরে। যারা ব্যবসা করবেন না বা কারখানা বন্ধ করে দিয়েছেন তাদের কাছ থেকে প্লটগুলো ফিরিয়ে নিয়ে প্রকৃতপক্ষেই ব্যবসা করতে আগ্রহীদের বরাদ্দ দেয়া উচিত। দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় এ শিল্প এলাকা থেকে প্রাপ্য রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে কারখানা চালানোর জমি না পেয়ে নতুন উদ্যোক্তাদের জন্য পরিস্থিতি হয়ে উঠছে আরো কঠিন।
এ প্রসঙ্গে চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ বণিক বার্তাকে বলেন, নাসিরাবাদ ভারী শিল্প এলাকা পাকিস্তান আমলে অধিগ্রহণ করা হয়। স্বাধীনতা-পরবর্তী সময়ে শিল্প মন্ত্রণালয় এ শিল্পজোনের নিয়ন্ত্রণ গ্রহণ করে। আমরা এ শিল্প এলাকার সামগ্রিক বিষয়ে নিয়মিত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাচ্ছি। বর্তমানে এ শিল্প এলাকায় ২৯৬টি প্লট আছে। আইন অনুযায়ী কারখানাগুলোকে প্লট বরাদ্দ দেয়া আছে। প্লট নিয়ে সেখানে কোনো সমস্যা নেই।
খালি প্লট নিয়ে গণপূর্তের ভূমিকা প্রসঙ্গে জানতে চাইলে এর অতিরিক্ত কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।