বঙ্গবন্ধু টানেল

বাধাহীন সংযোগ সড়ক নির্মাণের সুপারিশ

সরকারি ঘোষণা অনুযায়ী চলতি বছরের অক্টোবরেই চালু হতে যাচ্ছে দেশের প্রথম বহুমুখী টানেল। কিন্তু টানেলকে কেন্দ্র করে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণকাজ শুরুই করতে পারেনি সংশ্লিষ্ট কোনো সংস্থা। বঙ্গবন্ধু টানেলের উভয় পাশে ট্রাফিক রুট নির্ধারণ-সংক্রান্ত কমিটি টানেলটি পূর্ণ সক্ষমতায় ব্যবহার নিশ্চিত করতে ২৮টি পূর্ত কাজের সুপারিশ করেছে।

সরকারি ঘোষণা অনুযায়ী চলতি বছরের অক্টোবরেই চালু হতে যাচ্ছে দেশের প্রথম বহুমুখী টানেল। কিন্তু টানেলকে কেন্দ্র করে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণকাজ শুরুই করতে পারেনি সংশ্লিষ্ট কোনো সংস্থা। বঙ্গবন্ধু টানেলের উভয় পাশে ট্রাফিক রুট নির্ধারণ-সংক্রান্ত কমিটি টানেলটি পূর্ণ সক্ষমতায় ব্যবহার নিশ্চিত করতে ২৮টি পূর্ত কাজের সুপারিশ করেছে। টানেল উদ্বোধনের সময় ঘনিয়ে আসায় নির্ধারিত সময়ের মধ্যে এসব কাজ শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এতে চালু হওয়ার পরও টানেলকে ঘিরে ট্রাফিক অব্যবস্থাপনার আশঙ্কা দেখা দিয়েছে।

বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে সারা দেশের যোগাযোগ, পর্যটন নগরী ও রোহিঙ্গা অধ্যুষিত কক্সবাজার জেলা এবং সাম্প্রতিক সময়ে মাতারবাড়ী ও মহেশখালীতে ভারী শিল্প জোনের যানবাহনগুলো টানেল ব্যবহার করবে। কিন্তু টানেলের প্রবেশমুখের অংশটিতে চট্টগ্রাম শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রতিষ্ঠানের কারণে ট্রাফিক ব্যবস্থাপনা অসহনীয় পর্যায়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় টানেলের জন্য বাধাহীন সংযোগ সড়ক, গোলচত্বরগুলো আধুনিক না হলে প্রবেশমুখেই বাধার মুখে পড়বে যানবাহনগুলো। টানেলের প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়ে যাওয়ার পর চট্টগ্রাম মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ বিষয়টি নিয়ে সহযোগী সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছে। ২০২১ সালের ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওই বৈঠকে টানেলের দুই প্রান্তে ট্রাফিক রুট নির্ধারণ-সংক্রান্ত দুটি কমিটি গঠন করা হয়। গত বছরের ২৬ ডিসেম্বর সরেজমিন পরিদর্শন ও নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সর্বশেষ ৩ মার্চ কমিটি একটি সুপারিশমালা পাঠায় সরকারি ১৪টি দপ্তরকে। অতিসত্বর এসব সুপারিশ বাস্তবায়নের কথা বলা হলেও সেটি নির্ধারিত সময়ের মধ্যে সম্ভব নয় বলে মনে করছেন প্রকল্পসংশ্লিষ্ট ও যোগাযোগ বিশেষজ্ঞরা।

কমিটির দেয়া পর্যবেক্ষণ বলছে, টানেল ব্যবহারকারী সব যানবাহন বর্তমানে একটি গোলচত্বর দিয়ে চলাচল করবে। পতেঙ্গা এলাকার আঞ্চলিক যোগাযোগের সব যানবাহনও একই গোলচত্বর ব্যবহার করবে। চট্টগ্রাম সিটি আউটার রিং রোড, লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মাণাধীন দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিচ রোড (কাঠগড়মুখী রোড), এয়ারপোর্ট রোড এবং পতেঙ্গা সি-বিচ ব্যবহারকারী সব যানবাহন ও পথচারী একই গোলচত্বর ব্যবহারের ফলে নৈরাজ্যকর ট্রাফিক অব্যবস্থাপনা তৈরি হবে। এতে টানেলমুখী যানবাহন চলাচল বাধাগ্রস্ত হবে। উদ্বোধনের আগেই এ সংকট এড়ানো না গেলে টানেলের সর্বোচ্চ সুফল পাওয়া যাবে না।

নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া বণিক বার্তাকে বলেন, বঙ্গবন্ধু টানেল নির্মাণকাজের শেষ পর্যায়ে এসে প্রকল্পের সুবিধাভোগী সংস্থাগুলোর কাজে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। নগরীতে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও আউটার রিং রোডের যানবাহন চলাচলের সঙ্গে টানেলের বিষয়গুলোকে শুরুতে সেভাবে গুরুত্ব দেয়া হয়নি। নতুন করে সিএমপি বিষয়গুলো নিয়ে যে সুপারিশ করেছে সেটা যথেষ্ট যুগোপযোগী। তবে সুপারিশগুলোকে পর্যবেক্ষণ করার জন্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসতে হবে। মূলত টানেলকে ঘিরে আনুষঙ্গিক যেসব কাজ শুরু থেকে করা দরকার ছিল, এখন অন্তিম সময়ে সেসব উপলব্ধি হয়েছে সবার।

বঙ্গবন্ধু টানেলের ২০১৩ সালের সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, টানেল দিয়ে ২০২৫ সালে গড়ে প্রতিদিন ২৮ হাজার ৩০৫টি গাড়ি চলাচল করবে। ২০৩০ সালে গড় যান চলাচল ধরা হয়েছে ৩৭ হাজার ৯৪৬টি। ৭ শতাংশ হারে যানবাহন বেড়ে ২০৬৭ সাল নাগাদ এটি প্রতিদিন ১ লাখ ৬২ হাজারে উন্নীত হবে।

বিষয়টি ভিন্নভাবে দেখছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস। তিনি বণিক বার্তাকে বলেন, সিএমপি যে প্রস্তাব দিয়েছে সেটি প্রাসঙ্গিক। চট্টগ্রাম প্রান্তের যেসব সমস্যা চিহ্নিত হয়েছে, সেগুলো আমরা দুই ধাপে বাস্তবায়ন করব। প্রথম ধাপে অতিপ্রয়োজনীয় সুপারিশগুলো বাস্তবায়নের দিকে মনোযোগ দেয়া হচ্ছে। পরবর্তী সময়ে সমীক্ষা অনুযায়ী যানবাহন চলাচলের হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরাও ভারী কাজগুলো বাস্তবায়ন করব। এরই মধ্যে সুপারিশের আলোকে সরকারের উচ্চপর্যায়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হলে টানেলের সর্বোচ্চ সুবিধা পেতে ইউটার্ন, লুপ, বিকল্প সড়কসহ বেশকিছু সুপারিশ বাস্তবায়নে সিডিএ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

কমিটির পর্যবেক্ষণে বলা হয়েছে, টানেলের পতেঙ্গা প্রান্তের চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর, সিইপিজেড, কেইপিজেড, নির্মাণাধীন বে-টার্মিনাল ও মিরসরাই ইকোনমিক জোন, চট্টগ্রাম মহানগরের অধিকাংশ অঞ্চল, চট্টগ্রাম জেলার উত্তর অংশ এবং রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের যানবাহন চলাচলে টানেল ব্যবহূত হবে। আনোয়ারা প্রান্তে অবস্থিত সিইউএফএল, কাফকো, কেইপিজেড, চায়না ইপিজেড, পারকি সমুদ্রসৈকত, কক্সবাজার জেলার মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী টার্মিনাল, কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিনের পর্যটকসহ পণ্যবাহী যানবাহন এ টানেল দিয়ে চলাচল করবে। ভবিষ্যতে এ টানেল সংযোগকারী রোড মিয়ানমার হয়ে ট্রান্স এশিয়ান হাইওয়ের সঙ্গে মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় টানেলের দুই প্রান্তের অ্যাপ্রোচ রোড যথাযথ নকশা তৈরি করে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন জরুরি বলে মনে করছে কমিটি।

কমিটির সুপারিশের মধ্যে রয়েছে পতেঙ্গা অংশে চট্টগ্রাম নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে আউটার রিং রোড (ফৌজদারহাট) ও টানেল অ্যাপ্রোচ রোডে যানবাহনের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে ডানদিকের টার্নের সংযোগের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের অতিরিক্ত অংশের সঙ্গে একটি এলিভেটেড অংশ সংযোগ করতে হবে। এতে জি-১ ও জি-২ রোডের সঙ্গে সংযোগ করে জি-২ রোডের ওপর দিয়ে আউটার রিং রোড সংযুক্ত হবে। সিডিএ নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে আসা আউটার রিং রোড ও টানেল অ্যাপ্রোচ রোডের দিকে যাওয়া যানবাহনের ডানদিকে টার্ন নেয়া অংশের সমস্যা সমাধানে নতুন র্যাম্প বসিয়ে একটি সড়কের সংযোগ স্থাপন করতে হবে। এয়ারপোর্ট থেকে আসা যানবাহন আউটার রিং রোড দিয়ে চলাচলের জন্য জন্য জি-১ ও জি-২-এর চত্বর দিয়ে নতুন অতিরিক্ত যে সড়ক নির্মাণের প্রস্তাব দেয়া হয়েছে, তার সঙ্গে নতুন একটি উড়াল সড়ক জি-১ রোড থেকে সংযোগ করতে হবে। বিভিন্ন গন্তব্যের বন্দরসংশ্লিষ্ট ভারী যানবাহন র্যাব-৭ অফিস সংলগ্ন নির্মাণাধীন সড়কের মাধ্যমে আউটার রিং রোডের সঙ্গে সংযোগ করতে হবে। এক্ষেত্রে যানবাহনের রাইট টার্নজনিত সমস্যা সমাধানে নতুন সড়ক নির্মাণেরও সুপারিশ করা হয়েছে।

এছাড়া পতেঙ্গা ও আউটার রিং রোডের মধ্যবর্তী এলাকায় সিডিএর মাধ্যমে অধিগ্রহণ করে টানেল ও সিডিএর ভবিষ্যৎ প্রয়োজনে ব্যবহার, আউটার রিং রোড ও পতেঙ্গা সৈকত প্রান্তে সি-বিচের দর্শনার্থীদের চাপ কমাতে গাড়ি পার্কিং ব্যবস্থা নিশ্চিত, সমুদ্রসৈকতের বিপরীতে সার্ভিস রোড নির্মাণ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককেন্দ্রিক (ফৌজদারহাট ক্রসিং, পিসি রোড কানেকটিং ও বায়েজিদ লিংক রোড) এলাকায় ওভারপাস, বাইপাস, ইউলুপ নির্মাণ করতে সুপারিশ করা হয়।

এদিকে আনোয়ারা অংশে (টানেলের অন্য প্রান্ত বা দক্ষিণ চট্টগ্রামে) ক্রসিংজনিত যানজট নিরসনে চায়না হারবার রোড ও টানেল সংযোগ সড়কের সংযোগে ফ্লাইওভার নির্মাণ; শিকলবাহা ও কালাবিবির দীঘি পর্যন্ত সওজের ছয় লেনের প্রশস্তকরণ প্রকল্পে দুটি এলিভেটেড ইউলুপ নির্মাণ; এলজিইডি নিয়ন্ত্রণাধীন মেরিন একাডেমি থেকে সিইউএফএল রোড, সিইউএফএল থেকে পারকি বাজার ও পারকি বাজার থেকে পারকি বিচ পর্যন্ত চার লেনে উন্নীতকরণ সড়কের কালভার্টের জায়গায় চার লেনের সেতু নির্মাণ করতে হবে। এছাড়া সওজের ছয় লেন সড়কের শিকলবাহা থেকে কালাবিবির হাট, ফকিন্নির হাট সংযোগ, কেইপিজেড ও চাতুরী বাজার, টানেল অ্যাপ্রোচ রোডের জন্য দুটি করে ছয়টি ইউলুপ নির্মাণ করতে হবে। সিইউএফএল রোড থেকে বেড়িবাঁধ পর্যন্ত সওজের সড়কটি প্রশস্ত করা জরুরি বলে মনে করছে কমিটি।

যানজট নিরসন ও টানেলের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে পূর্তকাজ ছাড়াও বেশকিছু সুপারিশ করা হয়। বর্তমান নকশায় ওয়ে স্কেল গোলচত্বরের মোড় এলাকা থেকে মাত্র ২০০ ফুট দূরে রাখা হয়েছে। যার কারণে টানেল গোলচত্বর এলাকায় যানজটের সম্ভাবনা প্রকট। এজন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি ওয়ে স্কেল স্থাপন, পতেঙ্গা সি-বিচে আসা পর্যটকদের নির্বিঘ্ন চলাচলের জন্য গোলচত্বর এলাকায় ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ও ওয়াকওয়ে স্থাপন, টানেলের পতেঙ্গা প্রান্তে নিরাপত্তার জন্য টানেল মুখ এলাকায় থানা ও ফাঁড়ি স্থাপন, যানবাহন নিয়ন্ত্রণ অধিদপ্তর (ট্রাফিক অফিস) ও কেপিআই পুলিশ ইউনিট স্থাপন, অগ্নি দুর্ঘটনা নির্বাপণে টানেলের উভয় পাশে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এবং পতেঙ্গা প্রান্তে দুর্ঘটনাকবলিত ও ফিটনেসবিহীন যানবাহন অপসারণের জন্য ডাম্পিং স্টেশন নির্মাণের সুপারিশ করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম নগরীর যানজট কমাতে আনোয়ারা অংশে ইলেকট্রনিক টোলিং সিস্টেম বসানোর সুপারিশ করেছে সিএমপি।

সার্বিক বিষয়ে বঙ্গবন্ধু টানেল নির্মাণ প্রকল্পের সিনিয়র কনসালট্যান্ট ও পরামর্শক মো. হাবিবুর রহমান বণিক বার্তাকে বলেন, সিএমপি টানেলের যান চলাচল নির্বিঘ্ন ও নিরাপত্তার বিষয়ে ২৮টি সুপারিশ দিয়েছে। আমরা এ বিষয়ে একটি রূপরেখা দিয়েছি। যদি কর্তৃপক্ষ এ রূপরেখা অনুমোদন দেয়, তখন টানেলের সংকট বিষয়ে পূর্ণাঙ্গ নকশা গ্রহণ করে কাজ শুরু করা যাবে।

আরও