বিবিসি বাংলার খবর

ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

বিবিসি বাংলা জানিয়েছে, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতেই এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে।

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত যাদের চিকিৎসা চলছে, তাদের সাহায্য করার জন্য ভারত থেকে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম ঢাকায় পাঠানো হচ্ছে।

বিবিসি বাংলা জানিয়েছে, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতেই এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে জানায়, ‘আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তারা নার্সদের একটি ছোট টিম নিয়ে আজই (মঙ্গলবার) ঢাকায় পৌঁছে যাবেন।’

তিনি বলেন, ‘মেডিক্যাল ইকুইপমেন্টও পাঠানো হচ্ছে। এরপর প্রয়োজন অনুযায়ী আরো চিকিৎসক যাবেন।’

জানা যায়, গতকালের ওই দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে তার কাউন্টারপার্টকে ফোন করেন এবং যেকোনো দরকারে ভারত যে সর্বোতভাবে সাহায্য করতে প্রস্তুত, সে কথাও তাকে জানিয়ে দেন।

সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওই বিমান দুর্ঘটনার ঘটনায় তার শোক ব্যক্ত করেন এবং জানিয়ে দেন, এই সংকটে ‘ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতেও প্রস্তুত’।

এরপর থেকে ঢাকায় ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই সরকারের মধ্যে সারাক্ষণই যোগাযোগ ছিল।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে জানানো হয়, বেশিরভাগ ভিকটিমেরই শরীর পুড়ে গেছে। তাই এই দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল, ইকুইপমেন্ট ও অত্যাধুনিক ওষুধপত্র পেলে সবচেয়ে সুবিধা হবে। সেই অনুরোধ অনুযায়ী দিল্লিও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং নার্সসহ দুজন বিশেষজ্ঞ ডাক্তার পাঠানোর ব্যবস্থা করা হয়।

এরপর ঢাকায় ভারত থেকে আরো ডাক্তার ও নার্স পাঠানোর প্রক্রিয়াও জারি আছে বলে দুদেশের কূটনৈতিক সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে।

ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে বিগত প্রায় এক বছর ধরে একটা ‘কূটনৈতিক শীতলতা’ দেখা গেলেও সংকটের মুহুর্তে দুই দেশ যে মানবিকতার পরিচয় দিয়ে কাছাকাছি আসতে পারল, পর্যবেক্ষকরা সেটিকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

আরও