শবে বরাত উপলক্ষে ঘরে ঘরে তৈরি হওয়া মিষ্টান্নের মধ্যে আলুর হালুয়া একটি। লোকসংস্কৃতি গবেষকদের মতে, শবে বরাতে আলুর হালুয়া প্রচলনের পেছনে রয়েছে অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতা। আলু সহজলভ্য, তুলনামূলক সস্তা ও দীর্ঘদিন সংরক্ষণযোগ্য হওয়ায় এটি সাধারণ মানুষের রান্নায় দ্রুত জায়গা করে নেয়। এক সময় দুধ, সেমাই বা উন্নতমানের মিষ্টান্ন সবার নাগালে না থাকায় আলু দিয়েই তৈরি হতো হালুয়া, যা ধীরে ধীরে ঐতিহ্যে পরিণত হয়।
ঐতিহ্যবাহী এ হালুয়ার রেসিপিটি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর।
উপকরণ: আলু - ২৫০ গ্রাম, তরল দুধ - ১/২ কেজি, গুড়া দুধ - ১/২ কাপ , ঘি -১/২ কাপ , মাওয়া - ১০০ গ্রাম , চিনি - ২ কাপ , এলাচ গুড়া - ১/২ চা চামচ, জাফরান- সামান্য , ফুড কালার - ৩ ফোঁটা, কিসমিস-কাঠবাদাম-কাজুবাদাম – প্রয়োজনমতো।
প্রস্তুতপ্রণালী: হালুয়া তৈরির জন্য প্রথমে আলু সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে সেগুলো ভালো করে চটকে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে দানা না থাকে।
এবার একটি কড়াইয়ে ঘি গরম করে নিয়ে কিসমিস-কাঠবাদাম-কাজুবাদামগুলো ভেজে তুলে রাখতে হবে।
এ পর্যায়ে ওই কড়াইয়ে আরো একটু ঘি গরম করে চটকে রাখা আলুর সঙ্গে দুধ মিশিয়ে তাতে ঢেলে দিয়ে অনবরত নাড়তে হবে।
এ সময় একে একে যোগ করতে হবে চিনি, গুড়া দুধসহ অন্য উপকরণগুলো। ঢিমে আঁচে অনবরত নাড়তে নাড়তে কড়াইয়ের উপকরণগুলো কষিয়ে নিতে হবে।
শুকিয়ে এলে নামিয়ে বড় থালার মধ্যে হালুয়া ঢেলে নিতে হবে। ভেজে রাখা কিসমিস-কাঠবাদাম-কাজুবাদাম ওপর থেকে ছড়িয়ে দিলেই পরিবেশনের জন্য প্রস্তুত সুস্বাদু আলুর হালুয়া।