লক্ষ্মীপুরের মান্দারীতে রিয়াজ হোসেন নামে এক ফার্নিচার কারিগরকে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে র্যাব-১১। র্যাব বলছে, পরকীয়া সন্দেহে ওই যুবককে তার দুই সহকর্মী কাউছার (২৭) ও রাকিব হোসেন (২৫) হত্যা করেছে। গতকাল দুপুরে র্যাব-১১-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেফতার কাউছার সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের পানা মিয়ার বাড়ির আবু তাহেরের ছেলে ও রাকিব একই উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। র্যাব-১১-এর লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ ফেব্রুয়ারি রাতে রিয়াজ হোসেন নিখোঁজ হন। নিখোঁজের দুই দিন পরও তাকে পাওয়া না গেলে ভিকটিমের মা খুরশিদা বেগম ১৬ ফেব্রুয়ারি ছেলেকে উদ্ধারের বিষয়ে র্যাবের সহযোগিতা চান। তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাবর আভিযানিক দল শুক্রবার ভোররাতে ঘটনার মূল হোতা কাউছার হোসেনকে আটক করে। তার দেয়া তথ্যে রিয়াজ হোসেনের মরদেহ মান্দারী বাজারের একটি ভবন থেকে উদ্ধার করা হয়।