চাঁদাবাজির অভিযোগ

বিএনপি সাংসদের নির্দেশে লক্ষ্মীপুরে নিজদলের কর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

লক্ষ্মীপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরাধীর পরিচয় যাই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে। আমি নিজেই ভুক্তভোগীদের পক্ষে মামলা করার নির্দেশ দিয়েছি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর লক্ষ্মীপুরের রামগতিতে দলীয় নির্দেশনা অমান্য করে সহিংসতা, চাঁদাবাজি ও অস্ত্র মহড়ার অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজামের নির্দেশে রামগতি থানায় এসব মামলা করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি চর পোড়াগাছা, রামদয়াল বাজার ও আলেকজান্ডার ইউনিয়নের বালুর চর সুজনগ্রাম এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের একদল নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও ইটভাটা মালিকদের কাছে চাঁদা দাবি করে।

অভিযোগ রয়েছে, চর পোড়াগাছা ইউনিয়নের ছিদ্দিক উল্লাহর ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর, কাজ বন্ধ ও মালিককে হত্যার হুমকি দেয়া হয়। এছাড়া রামদয়াল বাজারের ব্যবসায়ী মনিরের দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়।

একই দিনে চর আলগী ইউনিয়নে ছাত্রদলের স্থানীয় নেতাদের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে শক্তি প্রদর্শন ও মহড়া দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এসব ঘটনায় রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মমিন উল্লাহ ইরাজ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

লক্ষ্মীপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরাধীর পরিচয় যাই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে। আমি নিজেই ভুক্তভোগীদের পক্ষে মামলা করার নির্দেশ দিয়েছি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, মামলার পর অভিযান চালিয়ে মিরাজ ও রিয়াজ নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।‎

আরও