গতকাল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ধর্মতীর্থ গ্রামের শুক্কুর আলীর ছেলে নির্মাণশ্রমিক আরমান মিয়া (২১), গলানিয়া পশ্চিম পাড়ার মোশাররফ হোসেনের ছেলে ইমাম হোসেন (৩৪), একই এলাকার নান্নু মিয়ার ছেলে হৃদয় মিয়া (৩২) ও দুলাল মিয়ার ছেলে মেহেদী হাসান (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গলানিয়া গ্রামের আলী মিয়ার বাড়িতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করছিলেন শ্রমিকরা। দুপুরে ট্যাংকের ভেতরে কর্মরত দুই শ্রমিকের সাড়া পাওয়া যাচ্ছিল না। তখন অন্য দুই শ্রমিকও ভেতরে যান। পরে কারো সাড়া পাওয়া যাচ্ছিল না। তখন ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। বিকালে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশ উদ্ধার করেন।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফারুক আহমেদ বলেন, ‘ বেলা সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিস খবর পায়। তারা এসে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে সেপটিক ট্যাংকের ভেতর ঢোকে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে চারটি লাশ উদ্ধার করা হয়।’