বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে লক্ষ্মীপুরের মেঘনা নদীকে ৩ নম্বর সতর্ক সংকেতের আওতায় এনেছে আবহাওয়া অধিদপ্তর। এতে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে লক্ষ্মীপুর-ভোলা রুটের ফেরি চলাচলও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকবে।
শনিবার (১৪ সেপ্টেম্বর)
দুপুরে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট লঞ্চঘাটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সুপারভাইজার
শরীফুল ইসলাম ও ফেরিঘাটের সহব্যবস্থাপক (বাণিজ্য) জাহেদুল হক বিষয়টি নিশ্চিত
করেছেন।
মজুচৌধুরীরহাট
লঞ্চঘাটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম বলেন, শুক্রবার (১৩
সেপ্টেম্বর) বিকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে
৫টি লঞ্চ-সিট্রাক রয়েছে। এর মধ্যে ১টি লক্ষ্মীপুর-বরিশাল রুটের। অন্য ৪টি
লক্ষ্মীপুর-ভোলা রুটের। লঞ্চগুলো মজুচৌধুরীরহাট ঘাটে নোঙর করা আছে।
মজুচৌধুরীরহাট ফেরিঘাটের সহব্যবস্থাপক (বাণিজ্য) জাহেদুল হক বলেন, এ রুটে ফেরি কুসুমকলি, কাবেরী,
কলমিলতা, কিষানী ও কনকচাপা রয়েছে। বৈরী আবহাওয়া ও সতর্কতা সংকেতের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।
প্রসঙ্গত, মেঘনা নদী হয়ে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুট চট্টগ্রাম, ফেনী, সিলেটসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে সহজ যোগাযোগ মাধ্যম। ঈদ-পূজাসহ সরকারি ছুটিতে এ রুটে যাত্রীদের ভিড় থাকে। এছাড়া এ রুটে পণ্যবাহী গাড়ি বেশি চলাচল করে।