এখন পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার অস্ত্র উদ্ধার করতে পারেনি। আমরা খুব উদ্বিগ্ন, এটি সরকারের ব্যর্থতা।
আজ সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আমরা আশাবাদী নির্বাচনের সময়ে দেশের পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে পরিস্থিতি বোঝা যাবে।
ভারতে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ক্রিকেটের ব্যাপারে রাজনীতি জড়িয়ে আছে। দেশের সম্মান জড়িয়ে আছে। ক্রিকেটকে অপমান করা মানে দেশকে অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমাদের একমত হওয়া উচিত। তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে আমরা অঙ্গীকারাবদ্ধ। ভারতের সঙ্গে মিউচুয়াল সম্পর্কের মাধ্যমে এসব সমাধান করা হবে।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।