গত বছরের প্রথম চার মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বেড়েছে। আজ সোমবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনায় বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
এতে বলা হয়, বিভিন্ন সংবাদপত্রে শিল্প সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের এ বিষয়ে দেয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলার নজরে এসেছে। এ পরিপ্রেক্ষিতে শিল্প প্রতিষ্ঠান গ্যাস সরবরাহের প্রকৃত পরিস্থিতি ব্যাখ্যা করা হলো।
পেট্রোবাংলা বলছে, ২০২৪ সালের জানুয়ারি-এপ্রিল মেয়াদে শিল্পে গ্যাস সরবরাহের গড় পরিমান দৈনিক ৮২৩ মিলিয়ন ঘনফুট। সে তুলনায় এবছর একই সময়ে (জানু-এপ্রিল-২০২৫) ৯৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস দেয়া হয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর ২১ শতাংশ গ্যাস বেশি সরবরাহ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শিল্পে গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য গত বছরের তুলনায় ৬টি অতিরিক্ত এল.এন.জি কার্গো আমদানির ব্যবস্থা করা হয়েছে। যার আমদানি মূল্য প্রতি ঘনমিটার প্রায় ৬৫ টাকা। শিল্প খাতে প্রতি ঘনমিটারের দাম রাখা হয় ৩০ টাকা আর শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুতের ক্ষেত্রে দাম ৩১ টাকা ৫০ পয়সা। অর্থাৎ অতিরিক্ত গ্যাস সরবরাহের জন্য প্রতি ঘনমিটারে সরকারকে ৩৫ টাকা ভর্তুকি দিতে হবে। ২৮ মে থেকে দিনে আরও ১৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ানো হবে।
এতে বলা হয়, সরকার শিল্পে গ্যাস সরবরাহের বিষয়ে তৎপর ও দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। এ বিষয়ে সব ধরনের বিভ্রান্তির অবসান ঘটবে বলে আশা করছে সরকার।