সিরাজগঞ্জে শিশুকন্যাকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর স্ত্রীর অগোচরে ৯ মাসের ঘুমন্ত শিশুকে নিয়ে পায়ের তলায় পিষিয়ে হত্যা করেন।

সিরাজগঞ্জের বেলকুচিতে শিশুকন্যাকে হত্যার দায়ে বদিউজ্জামান (২৮) নামে এক ব্যক্তির  মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে পেনাল কোডের ২০১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ বছর এবং আরো ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশও দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরের  সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত বদিউজ্জামান  জেলার বেলকুচি উপজেলার মুকন্দগাঁতী গ্রামের আব্দুল জলিলের ছেলে। আসামির উপস্থিতিতে এ রায় দেয় আদালত। পাবলিক প্রসিকিউটর(পিপি) আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার নথি সূত্রে জানা যায়, বদিউজ্জামান ও সুন্দরী খাতুনের সংসারে প্রথমে একটি কন্যা সন্তান জন্ম নেয়। দ্বিতীয় দফায় সুমাইয়া নামে আরো একটি কন্যা সন্তান জন্ম হওয়ায় বাবা অসন্তুষ্ট ছিল। তিনি তার স্ত্রীকে মাঝে মধ্যেই ওই মেয়েকে মেরে ফেলার হুমকি দিতেন। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর স্ত্রীর অগোচরে ৯ মাসের ঘুমন্ত শিশুকে নিয়ে পায়ের তলায় পিষে হত্যা করেন। 

এরপর বাড়ির পাশের ডোবায় ফেলে দিয়ে পালিয়ে যান বদিউজ্জামান। এ ঘটনায় শিশুটির মা সুন্দরী খাতুন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘদিন পরে আসামি বদিউজ্জামান গ্রেফতার হন। তারপর শুনানি শুরু হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে দোষী প্রমাণিত হওয়ায় মঙ্গলবার বিচারক এ রায় প্রদান করেন। রায় ঘোষণার পর আসামি বদিউজ্জামানকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও