শরীফ ওসমান হাদি ও জুলাই শহীদদের স্মরণে রাজধানীর শাহবাগে গণইফতার ও দোয়া মাহফিল করেছে ইনকিলাব মঞ্চ। আজ শাহবাগের শহীদ হাদি চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
আয়োজকরা জানান, শহীদদের স্মরণ এবং ওসমান হাদি হত্যার বিচার দাবিতে এ গণইফতার কর্মসূচির আয়োজন করা হয়। ইফতার শেষে অংশগ্রহণকারীরা একই স্থানে মাগরিবের নামাজ আদায় করেন। পরে ইনকিলাব মঞ্চের উদ্যোগে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন।
মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। দেশের বাইরে অবস্থান করলেও তাদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদদের স্মরণে বিভিন্ন স্থানে ইফতার কর্মসূচির আয়োজনের পাশাপাশি হত্যাকাণ্ডের বিচারের দাবিও জানানো হচ্ছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
তিনি আরো অভিযোগ করেন, শহীদ হাদিকে নিয়ে একটি রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করছেন। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট দলীয় নেতৃত্বকে উদ্যোগ নেয়ার আহ্বান জানায়।
সমাবেশে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এবং নানা ধরনের নিপীড়নের শিকার হয়েছে। অতীতের সেই বাস্তবতা স্মরণ রেখে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ করা উচিত বলেও মন্তব্য করেন।
এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় পুনরায় চালু করা হচ্ছে এবং কিছু সাবেক সংসদ সদস্য এসব কার্যক্রমে যুক্ত হচ্ছেন। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে বলেন, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে জনগণ প্রতিবাদে সরব হবে।
এছাড়া সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জুলাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত না করে একই বাহিনী দিয়ে কঠোর রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন।