বাগেরহাটে
চায়ের দোকানের পেছন থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে সদর
উপজেলার চিতলী-বৈটপুর বাজার থেকে কন্যা শিশুটিকে উদ্ধার করা
হয়। শিশুটি বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চিতলী-বৈটপুর
গ্রামের শরীফা বেগম বলেন, গভীর রাতে বাচ্চার কান্নার শব্দ শুনে আমাদের ঘুম ভাঙ্গে। কান্নার উৎস
খুঁজতে গিয়ে সাইদুল ইসলামের চায়ের দোকানের পেছনে রাখা ক্যারামবোর্ডের উপরে
নবজাতকটিকে দেখতে পাই। তখনই আমি ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানাই।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ আছাদুজ্জামান বলেন, রোববার দিবাগত রাত তিনটার দিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে
ঘটনাস্থল থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
রয়েছে।
সদর হাসপাতালের
শিশু বিষয়ক কনসালট্যান্ট ডা. খান শিহান মাহমুদ বলেন, ভর্তি হওয়া নবজাতকের
বয়স আনুমানিক দুই দিন হবে। সে এখন সুস্থ্য রয়েছে, মুখে খাবার
খেতে পারছে।
শিশুটিকে
দত্তক নিতে বাগেরহাট শিশুকল্যাণ বোর্ডের কাছে আবেদন করেছেন একাধিক
নিঃসন্তান দম্পতি।
জেলা
প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, নবজাতকটি আপাতত পুলিশ প্রহরায়
হাসপাতালে চিকিৎসাধীন থাকবে। বেবিহোমে নেওয়ার যোগ্য হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী
তাকে স্থানান্তর করা হবে।
দত্তক
নেওয়ার আবেদনের বিষয়ে তিনি বলেন, শিশুকল্যাণ বোর্ডের সভায় সিদ্ধান্ত মোতাবেক আবেদনগুলো
যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।