জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে চলমান আন্দোলনে প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ। আগামীকাল রোববার থেকে প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দেন তারা।
গতকাল শুক্রবার রাতভর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। রাত ২টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি শনিবার সকাল ৯টা পর্যন্ত চলে। পরে সেখানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।
আন্দোলনকারীরা বলেন, গত ১৩ মে ছয় দফা দাবি উত্থাপন করে অভিযুক্তকে গ্রেফতারের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার না করায় তারা প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা প্রক্টর অফিসের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন। তারা ঘোষণা দেন, প্রক্টরের পদত্যাগ, অভিযুক্তের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলতে দেয়া হবে না।