দেশের নদী ও খাল খনন করে কৃষিতে সবুজ বিপ্লবের আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, কৃষিতে আমরা এখনো পিছিয়ে রয়েছি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রমাণ করেছেন, নদী ও খালের নাব্যতা ঠিক রেখে পানি নিয়ন্ত্রণ করা গেলে দেশের কৃষিতে সবুজ বিপ্লব ঘটানো সম্ভব।
উপদেষ্টা জানান, কৃষিজীবীরা যাতে সেচ কাজে পর্যাপ্ত পানি ব্যবহার করতে পারেন, সে লক্ষ্যে সরকার ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের কাজ এগিয়ে নিচ্ছে। পানি যেদিকে যায়, সম্পদও সেদিকে যায় উল্লেখ করে তিনি বলেন, হারিয়ে যাওয়া দেশীয় মাছের ঐতিহ্য ফিরিয়ে আনতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আন্তঃদেশীয় নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, নদী-খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে হবে। এর ইতিবাচক প্রভাব পড়বে কৃষিতে এবং এর মাধ্যমেই সম্ভব হবে সবুজ বিপ্লব।
দেশের বিভিন্ন নদীতে চর জেগে ওঠার প্রসঙ্গে তিনি বলেন, এসব চর ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন।
নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আবু হোরায়রার সভাপতিত্বে সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।