বঙ্গোপসাগরে এবার জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের একটি পোপা মাছ। শনিবার (২২ নভেম্বর) সকালে আব্দুল গণি নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। তিনি সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ার বাসিন্দা।
আব্দুল গণি বলেন, প্রতিদিনের মত সাগরে মাছ ধরতে বের হয়েছিলাম। এক পর্যায়ে বড় আকৃতির একটি পোপা মাছ জালে ধরা পড়ে।
তিনি আরো বলেন, গত কয়েক বছর ধরে জালে বড় বড় পোপা মাছ ধরা পড়ছে। এসব বিক্রি করে স্বাবলম্বী হয়েছি। নিয়মিত পোপা মাছ ধরার কারণে স্থানীয়রা তাকে ‘পোয়া গণি’ নামে ডাকেন।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, পোপা মাছের পেটের ভেতর ‘পটকা’ নামে একটি বিশেষ অংশ থাকে, যা শুকিয়ে ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি হয়। সে কারণে পোপা মাছের দাম ও চাহিদা বেশি।
এর আগে ২০২২ সালের ৮ নভেম্বর আব্দুল গণির জালে ৬০ কেজি ওজনের দুটি পোপা মাছ উঠে আসে। তিনি সেগুলো ৮ লাখ টাকায় বিক্রি করেন। ২০১৮ সালের ১৪ নভেম্বর তার জালে ধরা পড়া ৩৪ কেজি ওজনের পোপা মাছ বিক্রি হয় ১০ লাখ টাকায়। ২০২০ সালের নভেম্বর মাসেও তার জালে কয়েকটি পোপা মাছ ধরা পড়ে, যার মূল্য পান মোট ৬ লাখ টাকা।