ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি আজ হাইকোর্টে অনুষ্ঠিত হবে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।
২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ এ মামলার রায় দেন। রায়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বহিষ্কৃত অধ্যক্ষ এস এম সিরাজ উদ-দৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বহিষ্কৃত অধ্যক্ষ এস এম সিরাজ উদ-দৌলা, উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি মো. রুহুল আমিন, পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলম, নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন, হাফেজ আব্দুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা পপি ওরফে শম্পা, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম, মো. রুহুল আমিন, মহিউদ্দিন শাকিল এবং আব্দুর রহিম শরীফ।
২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন নুসরাত জাহান রাফি। পরদিন ওই অভিযোগে পুলিশ অধ্যক্ষকে গ্রেফতার করে।
এর পর ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে গেলে নুসরাতকে কৌশলে মাদ্রাসার ছাদে নিয়ে যাওয়া হয়। সেখানে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়া হয়। অভিযোগ ওঠে, এ ঘটনায় অধ্যক্ষের অনুগত ছাত্র, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত ছিলেন।
পরে গুরুতর দগ্ধ অবস্থায় নুসরাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ৯ এপ্রিল রাতে চিকিৎসাধীন নুসরাতের মৃত্যু হয়।