চাঁদপুর-৪ আসনের বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান বলেছেন, বিএনপি আমাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত আমি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করব না। দলীয় আদর্শ ও রাজনীতির প্রতি আমার আজীবনের অঙ্গীকার অটুট থাকবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্রজীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপির রাজনীতি করে এসেছি এবং ভবিষ্যতেও করব। একটি ‘কুচক্রী মহল’ অতীতে আমার দলীয় মনোনয়ন বাতিল করাতে ভূমিকা রেখেছিল। এবারও একই ধরনের ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে। তবে ফরিদগঞ্জের জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সমর্থনে জনগণের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছি।
তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন করিনি। নির্বাচন করেছি একটি জনবিচ্ছিন্ন চক্রের বিরুদ্ধে। পরাজিত পক্ষ নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা ও অপপ্রচারে জড়িয়েছে। এসব কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি প্রশাসনের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, আমার জন্মের পর এই প্রথম দেখা মতে ফরিদগঞ্জে একটি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কারচুপির অভিযোগকে তিনি ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন।
নেতাকর্মীদের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন অতি উৎসাহে এমন কোনো কাজ না করেন, যাতে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হয়। আইনভঙ্গ করলে কাউকে ছাড় দেয়া হবে না।