ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত চালকের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া (৩৫) আগুনে পুড়ে মারা গেছেন। দগ্ধ হয়েছেন মা-ছেলে। সোমবার রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা ওই বাসটিতে অগ্নিসংযোগ করা হয়। নিহত জুলহাস উপজেলার ভালুকজান এলাকার বাসিন্দা। ফুলবাড়িয়া থানার ওসি মো. রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-মামুন জানান, আলম এশিয়া পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে রাত ২টার দিকে ফুলবাড়িয়ায় পৌঁছায়। যাত্রী নামানোর পর ভালুকজান পেট্রল পাম্পের বিপরীতে মূল সড়কে তেল নেয়ার জন্য বাসটি পার্ক করে রাখা হয়েছিল। এ সময় কিছু লোক বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুন দেয়ার সময় বাসের ভেতরে যাত্রী মো. শাহিদ ইসলাম বাদশা (২০) ও তার মা শারমিন সুলতানা রুমকি অবস্থান করছিলেন। ফুলবাড়িয়া উপজেলার চকরাধাকানাই এলাকার বাসিন্দা তারা। ভোরে বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। আগুনে তারাও দগ্ধ হন। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবাল বলেন, ‘রাত সোয়া ৩টার দিকে খবর আসে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর বাসটিতে তল্লাশি চালিয়ে সিটে থাকা একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কীভাবে আগুন লেগেছে তা পুলিশ তদন্ত করছে।’

ফুলবাড়িয়া থানার ওসি মো. রুকনুজ্জামান বলেন, ‘চালক এমনভাবে পুড়েছেন, তাকে চেনা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তিনি বাসের সিটে ঘুমাচ্ছিলেন। এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

আরও