সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় একই দিনে তিনটি বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। গত শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়। শুক্রবার বিকাল ৪টায় সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের আগুরিয়া গ্রামে দশম শ্রেণীর ছাত্রী (১৫), সন্ধ্যা
৬টায় দৌলতপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে দশম শ্রেণীর ছাত্রী (১৫), রাত
৮টায় ধুকুরিয়া ইউনিয়নের ধুকুরিয়া বেড়া গ্রামে দশম শ্রেণীর ছাত্রীর (১৬) বাল্যবিয়ে বন্ধ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল হতে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়। তিনটি বাল্যবিয়েতেই কনে অপ্রাপ্তবয়স্ক। বাল্যবিয়েগুলো বন্ধ করে প্রত্যেক কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেয়া হয় এবং বর ও কনের অভিভাবকদের কাছ থেকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।