সুন্দরবনে কোস্ট গার্ডের রাতভর অভিযান, নিহত ১

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, শওকত সরদার (৬০) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তিনি কখন বা কার গুলিতে নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ বর্তমানে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নসংলগ্ন পশ্চিম সুন্দরবনের একটি এলাকায় অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার রাতভর চলা এ অভিযানে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সুন্দরবন পশ্চিম বন বিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় এ ঘটনা ঘটে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, শওকত সরদার (৬০) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তিনি কখন বা কার গুলিতে নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ বর্তমানে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

নিহত শওকত সরদার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মহেশ্বরীপুর এলাকার ইজহার সরদারের ছেলে। তিনি ৬ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা গুচ্ছপাড়ায় বসবাস করতেন।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, বনরক্ষীদের কাছ থেকে জানা গেছে, ময়দাফেসা খাল এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। বর্তমানে ওই এলাকায় কোস্ট গার্ডের সদস্যরা অবস্থান করছেন।

এদিকে কোস্ট গার্ডের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অভিযানে ‘দুলাভাই বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত রবিউল ইসলাম (৫০) গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা শেষে তাকে আবার সঙ্গে নিয়ে যান তারা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাহিনীটি।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা নথি অনুযায়ী, কয়রার মহেশ্বরীপুর গ্রামের মানিক গাজীর ছেলে রবিউল ইসলামকে শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে হাসপাতালে আনা হয়। তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির ক্ষত ছিল।

স্থানীয়দের দাবি, এ রবিউল ইসলামই কথিত ‘দুলাভাই বাহিনী’র নেতৃত্ব দিয়ে আসছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একসময় সুন্দরবন এলাকায় সক্রিয় ‘ইলিয়াস বাহিনী’র প্রধান নিহত হওয়ার পর ২০২৪ সালে রবিউল নতুন একটি দল গঠন করেন। পরবর্তীতে স্থানীয়ভাবে দলটি ‘দুলাভাই বাহিনী’ নামে পরিচিতি পায়।

তবে এ বিষয়ে কোস্ট গার্ড এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। বাহিনীর এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত থেকে অভিযান চলমান রয়েছে এবং অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

আরও