তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী ভাবনা বিকাশ এবং স্টার্টআপ সংস্কৃতি জোরদারের লক্ষ্য নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় ইয়ুথ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তারা অংশ নেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রাজশাহী বিভাগীয় ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়। ইয়ুথ ইন রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ এবং ডিইআইইডি প্রকল্প যৌথভাবে এ সামিটের আয়োজন করে। এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল বণিক বার্তা।
বিশ্বব্যাংক ও তথ্যপ্রযুক্তি বিভাগের অর্থায়নে আয়োজিত এ সামিটে প্রায় এক হাজার শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তা নিবন্ধন করে অংশগ্রহণ করেন। রাজশাহী বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণ অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ও স্টার্টআপ প্রদর্শনীতে অংশ নেন।
সামিটে শতাধিক দলের অংশগ্রহণে বিজনেস আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাথমিক বাছাই শেষে ১০টি দল ফাইনাল রাউন্ডে নির্বাচিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মোট ২ লাখ টাকার পুরস্কার নির্ধারণ করা হয়। পাশাপাশি রাজশাহীর তরুণ উদ্যোক্তারা মিলনায়তনের সামনে স্থাপিত বিভিন্ন স্টলে নিজেদের পণ্য ও প্রোটোটাইপ প্রদর্শন করেন।
সামিটে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খাদেমুল ইসলাম মোল্লা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের সামিটের মাধ্যমে রাজশাহী বিভাগ থেকে নতুন উদ্যোক্তা তৈরি এবং আঞ্চলিক স্টার্টআপ পরিবেশ গড়ে তোলাই মূল লক্ষ্য। একই সঙ্গে উদ্যোক্তা হতে আগ্রহী তরুণদের প্রতিষ্ঠিত স্টার্টআপের সঙ্গে যুক্ত করে তাদের উদ্যোগগুলোকে কার্যকরভাবে এগিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে।
আয়োজক সংগঠন ইয়ুথ ইন রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা একটি সংগঠন। সংগঠনটি শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক কাজ শেখানো, সামাজিক সমস্যা সমাধানে প্রকল্প বাস্তবায়ন এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ তৈরিতে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।