একসময় বর্ষায় নৌকাবাইচ ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী উৎসব। অনাবৃষ্টির কারণে নদীতে পানি কম থাকায় হারাতে বসেছে উৎসবটি। তবে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ঢাকার নবাবগঞ্জে ইছামতী নদীতে আয়োজন করা হয়েছে নৌকাবাইচ। গতকাল বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ আয়োজন চলে।
নবাবগঞ্জ উপজেলা প্রশাসন, নবাবগঞ্জ থানা পুলিশ, নৌকাবাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি, কলাকোপা ও যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ বাইচ অনুষ্ঠিত হয়।
উৎসব উপভোগ করতে নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়নে ইছামতী তীরে আসে সব বয়সের মানুষ। এ আয়োজনকে কেন্দ্র করে নদীপাড়ে বসে গ্রাম্য মেলা। নৌকাবাইচ দেখতে ঢাকাসহ আশপাশের মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকার দর্শনার্থী উপস্থিত হন। নৌকাবাইচে ঢাকা, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ১০টি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যে অন্যতম নৌকা হলো শিকদার বাড়ি, খান বাড়ি, লিটন-১, লিটন-২, সোনার তরী, দাদা নাতি মোহন মণ্ডল ও শেখ আব্দুল খালেক।
স্থানীয়রা বলেন, নৌকাবাইচ উপলক্ষে তাদের বাড়িতে এসেছে নতুন অতিথি। বাড়িতে বাড়িতে আয়োজন করা হয়েছে মুখরোচক খাবারের। এমন আয়োজনে খুশি তারা।
নৌকাবাইচ শেষে কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলামের সঞ্চলনায় পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন।