রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদী থেকে ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইড় মাছ। মাছটি বিক্রি হয়েছে প্রায় ৫০ হাজার টাকায়।
বুধবার (২৫ জুন) সকালে মাছটি পদ্মা নদীতে ধরা পড়ে স্থানীয় জেলে রুহুল আমিন হাওলাদারের জালে। পরে মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় বিক্রির জন্য আনা হলে সুমাইয়া মৎস্য আড়তের মালিক সোহেল মোল্লা তা উন্মুক্ত নিলামে কিনে নেন। তিনি মাছটির দাম প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা হিসেবে মোট ৪৯ হাজার ৯৫০ টাকা দেন।
মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা বলেন, ‘এত বড় বাঘাইড় সচরাচর দেখা যায় না। মাছটি কেনার পর দেশের বিভিন্ন এলাকায় অনলাইনে যোগাযোগ করছি বিক্রির জন্য। আশা করছি, প্রতি কেজিতে অন্তত ১০০ টাকা লাভে মাছটি বিক্রি করতে পারব।’
মাছটি দেখতে সকাল থেকেই আড়তের সামনে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ। এ সময় অনেকে মোবাইল ফোনে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।