সংবর্ধনার দরকার নাই, আমাদের সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করুন: শহীদ শ্রাবণের বাবা

ফেনীর জুলাই শহীদ শ্রাবণের বাবা নেছার উদ্দিন বলেছেন, সংবর্ধনার প্রয়োজন নেই, বরং আমাদের সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করুন। আজ বুধবার সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সারা দেশের মতো ফেনীতেও নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিনের শুরুতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর শিল্পকলা একাডেমিতে এ আলোচনার আয়োজন করা হয়। ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা এবং প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দেন।

বক্তব্যে শহীদ শ্রাবণের বাবা নেছার উদ্দিন বলেন, অভ্যুত্থান দিবসে আমাদের পরিবার ও যোদ্ধাদের হাতে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে। কিন্তু আমরা রাষ্ট্র বা কারো কাছে এ সংবর্ধনা চাই না। সংবর্ধনার জন্য তরুণরা রাজপথে জীবন দেয়নি। বরং একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য তারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। তাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে রাজনীতি না করার অনুরোধ জানান তিনি।

আলোচনা সভায় অন্য বক্তারা জানান, দেশের সব স্তরে আগে বৈষম্য ছিল এবং এখনো সেই বৈষম্য রয়ে গেছে। জুলাই আন্দোলন কেবল ছাত্রদের ছিল না, এতে কৃষক-মজুরসহ সর্বস্তরের মানুষের ভূমিকা ছিল। তাই দেশের সব মানুষের সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বক্তারা আরো জানান, জুলাই আন্দোলনকে কোনো নির্দিষ্ট দলের অংশ হিসেবে ভাগ করা থেকে বিরত থাকতে হবে। আন্দোলনে অংশ নেয়া মানুষকে দলে দলে ভাগ করে মূলত অসম্মান করা হচ্ছে। সুন্দর বাংলাদেশ গঠনে সরকার, বিরোধী দল এবং রাষ্ট্রের সব অংশকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এমএ খালেক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার প্রত্যুশ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. সোহরাব আল হোসাইন, জেলা জামায়াতের আমীর মুফতী আব্দুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন এবং জেলা শিবিরের সভাপতি ইমাম হোসেন আরমান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রশাসনের কর্মকর্তা ও জুলাইযোদ্ধারা উপস্থিত ছিলেন।

আরও