সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত (এমসিকিউ) পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাইবান্ধা জেলায় ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
গাইবান্ধার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত ও সীলমোহরযুক্ত এ আদেশ জারি করা হয়।
জেলা প্রশাসন জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত গাইবান্ধা জেলার ৪৩টি পরীক্ষা কেন্দ্রে একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সহ পরীক্ষা পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, পরীক্ষার দিন দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতিটি পরীক্ষা কেন্দ্রের চারপাশে ২০০ গজের মধ্যে যেকোনো ধরনের সভা-সমাবেশ, বেআইনি জমায়েত, মিছিল, প্রচারণা ও বাদ্যযন্ত্র ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়া, পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর আশপাশে অননুমোদিত ব্যক্তির প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার সময় কেন্দ্রগুলোয় ভিড় জমানো, বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা যেকোনোভাবে পরীক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় জনস্বার্থে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে, পরীক্ষা গ্রহণের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।
গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ৪০০টির বেশি শূন্য পদের বিপরীতে এ পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ২৭ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী।
এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাস বলেন, পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
একই সঙ্গে, পরীক্ষা সংক্রান্ত কোনো ধরনের গুজবে কান না দিতে সবাইকে সতর্ক করেন তিনি।