গতকাল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ দুই প্লাটফর্মের উদ্বোধন করেন।
রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি উদ্বোধনী অনুষ্ঠানটির আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা।
দেশ দ্রুত একটি বৃহৎ ডিজিটাল অর্থনীতি ও ক্যাশলেস সমাজের দিকে এগোচ্ছে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সাইবার ঝুঁকিও বাড়ছে। এ প্রেক্ষাপটে এ দুই প্লাটফর্ম জাতীয় সাইবার নিরাপত্তা সক্ষমতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ফকির মাহবুব আনাম বলেন, ‘সিআইআরএস ও এনআরএস উদ্বোধনের মাধ্যমে জাতীয় সাইবার নিরাপত্তা অবকাঠামোতে নতুন অধ্যায়ের সূচনা হলো। জাতীয় সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২৬-৩০ আগামী পাঁচ বছরের দিকনির্দেশনা দেবে।’
তথ্যপ্রযুক্তিমন্ত্রী জানান, সিআইআরএসের মাধ্যমে নাগরিক ও প্রতিষ্ঠান সহজে অভিযোগ জানাতে পারবে। ধাপভিত্তিক প্রক্রিয়ায় অভিযোগ যাচাই, বিশ্লেষণ ও নিষ্পত্তি করা হবে। আর এনআরএস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইবার সক্ষমতা মূল্যায়ন করবে। এটি দুর্বলতা শনাক্ত এবং উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে। বাস্তবায়ন সফল হলে নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল পরিবেশ গড়ে উঠবে।