বগুড়ায় ঢাবির সাবেক শিক্ষার্থী নিখোঁজের পর মরদেহ উদ্ধার

সৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

বগুড়া শহরের জলেশ্বরীতলা থেকে তিনদিন ধরে নিখোঁজ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক বোট ক্লাবের লেকে ভেসে থাকার খবর পেয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে।

সৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

মৃত সৌমিক বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামের তৌফিকুর রহমানের ছেলে। পরিবারের সঙ্গে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় থাকতেন।

বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, বগুড়া শহরের জলেশ্বরীতলার বাসা থেকে সৌমিক গত বৃহস্পতিবার সন্ধ্যার পর হাঁটতে বের হন। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সে রাত থেকেই তার মোবাইল ফোন বন্ধ ছিল। পরদিন শুক্রবার সকালে সৌমিকের বাবা তৌফিকুর রহমান বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে খোঁজ করার এক পর্যায়ে লেকে একটি মরদেহ ভাসার খবর পাওয়া যায়। উদ্ধার করার পর মরদেহটি ঢাবির সাবেক শিক্ষার্থী সৌমিকের-এটা তার পরিবার নিশ্চিত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও