আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনল বিজিবি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। শনিবার (৯ মে) নাফ নদীর শূন্যরেখা দিয়ে তাদের গ্রহণ করে টেকনাফের জেটিঘাটে নিয়ে আসা হয়। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১৩ জন বাংলাদেশী ও একজন জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা রয়েছেন।

বিজিবি সূত্র জানায়, ২০২৫-২০২৬ সালের বিভিন্ন সময়ে মাছ ধরতে গিয়ে অসতর্কতাবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি তাদের আটক করে। পরে তাদের মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন স্থানে রাখা হয়।

আটক জেলেদের উদ্ধারে বিজিবির কক্সবাজার রিজিয়ন মানবিক বিবেচনায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে। দীর্ঘ আলোচনা শেষে তাদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। পেশাদারত্ব ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এ উদ্ধার কার্যক্রম সফল হয়েছে।

ফেরত আসা জেলেদের পরিচয় যাচাই শেষে স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এখনো যেসব জেলে আটক রয়েছেন, তাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য আলোচনা ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

আরও