বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশে সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের বিশেষ উদ্যোগ

উপাচার্য দ্রুততম সময়ের মধ্যে স্পিড ব্রেকার, রাম্বল স্ট্রিপ এবং জেব্রা ক্রসিং স্থাপনের বিষয়ে নির্দেশনা দেন।

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে রয়েছে ফুটওভার ব্রিজ নির্মাণ, রেলিংসহ ফুটপাত, স্পিড ব্রেকার ও রাম্বল স্ট্রিপ স্থাপন, জেব্রা ক্রসিং, গতি সীমা নির্ধারণ এবং মহাসড়কে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা।

আজ রোববার (৩ নভেম্বর) সকালে এসব কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন। তিনি সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে ফুটওভার ব্রিজের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে স্পিড ব্রেকার, রাম্বল স্ট্রিপ এবং জেব্রা ক্রসিং স্থাপনের বিষয়ে নির্দেশনা দেন। এছাড়াও সড়কে দ্রুত লাইটিংয়ের ব্যবস্থা করতে পল্লী বিদ্যুৎ অফিসের সঙ্গে কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট অফিসগুলো দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে। উপাচার্য শিক্ষার্থীসহ সবাইকে রাস্তা পারাপারে বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানান।

পরিদর্শনের সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ড. হাফিজ আশরাফুল হক, সহকারী প্রক্টর ড. এ. টি. এম. রফিকুল ইসলাম এবং উপ-প্রধান প্রকৌশলী মুরশীদ আবেদীনসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

আরও