যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

ভারতে পাচারকালে যশোরে ৭ কোটি টাকা মূল্যের ৩১ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছেন ৪৯ বিজিবির সদস্যরা।

গতকাল যশোর-নড়াইল মহাসড়কের যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন নড়াইলের নড়াগাতী থানার খাসিয়াল গ্রামের খন্দকার মাহাবুবুল হক (৪৫) ও যশোর সদরের বালিয়া-ভেকুটিয়া এলাকার মো. আনিস (৩৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার টাকা। জব্দ করা প্রাইভেট কার, মোবাইল ফোন, নগদ অর্থসহ এর মোট বাজারমূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার টাকায়। আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও