রাজধানীর তেজগাঁও রেলগেট থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কে তেজগাঁও শৃঙ্খলা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে ডিএনসিসি প্রশাসকের সভাপতিত্বে ডিএনসিসি, ডিএমপির ট্রাফিক বিভাগ, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি ও বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের অংশগ্রহণে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান পার্কিংয়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে একটি বহুতল ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি জানান ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি ও ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের প্রতিনিধিরা।
সভায় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘তেজগাঁও এলাকার সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সমন্বয় করে স্থায়ী সমাধানের জন্য অবশ্যই পদক্ষেপ নেব। তবে বর্তমানে তেজগাঁও রেলগেট থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কে যেন জনসাধারণের চলাচলে দুর্ভোগ না হয় সেটি নিশ্চিত করতে হবে। সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। আমরা ধাপে ধাপে স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করব। কিন্তু তেজগাঁও রেলগেট থেকে সাতরাস্তা পর্যন্ত ব্যস্ততম এ সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।’
তেজগাঁও রেলগেটের দুই পাশে লেগুনা ও টেম্পু দাঁড়াতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, ‘রেলগেটের দুই পাশে এমন ব্যস্ততম সড়কে লেগুনা ও টেম্পুর স্টেশন করা হয়েছে। এ ধরনের লেগুনা ও টেম্পু স্টেশন এখানে কোনোভাবেই থাকতে পারবে না। ডিএমপির ট্রাফিক বিভাগকে আহ্বান করছি আপনারা এ সড়কে কোনো লেগুনা, টেম্পু দাঁড়াতে দেবেন না।’
তিনি আরো বলেন, ‘ডিএনসিসির প্রকৌশল বিভাগ বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে এটি যদি কার্যকরী হয় তাহলে রেল মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আমরা পদক্ষেপ নেব।’
সভাশেষে ডিএনসিসি প্রশাসক তেজগাঁও প্রধান সড়ক ও ট্রাক স্ট্যান্ডের আশপাশের এলাকা এবং বিটিসিএল ও গৃহায়ণ কর্তৃপক্ষের খালি ও পরিত্যক্ত কার্যালয়ের জায়গা ঘুরে দেখেন। সভায় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) সুফিয়ান আহমেদ, ডিএনসিসির মহাব্যবস্থাপক (পরিবহন) আব্দুল্লাহ আল মাসুদ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ উল মোস্তাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাসনাত মো. আশরাফুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মো. তোফাজ্জল হোসেন মজুমদার ও কার্যকরী সভাপতি সৈয়দ মোহাম্মদ বকতিয়ার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ মার্চ ‘তেজগাঁও শিল্প এলাকা: ১০০ ফুট সড়কের ৭০ ফুটই ট্রাকের দখলে’ শিরোনামে বণিক বার্তায় সংবাদ প্রকাশিত হয়।