খুলনায় ‘ছেলেধরা সন্দেহে’ তরুণকে পিটিয়ে হত্যা

নিহত রাজু শিকদারের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। এ ঘটনায় জড়িত দুজনকে হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ

খুলনা নগরীর রায়েরমহল এলাকায় ‘ছেলেধরা সন্দেহে’ এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বিকালে স্থানীয় কয়েকজন তাকে আটক করে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাজু শিকদারের (২৬) বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। এ ঘটনায় জড়িত দুজনকে হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) হুমায়ুন কবির বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজু নগরের আড়ংঘাটা থানা এলাকার রায়েরমহল বাজারের বড় মসজিদের পাশ থেকে একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। এতে আশপাশের লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।

একপর্যায়ে কয়েকজন রাজুকে আটক করেন। তারপর জিজ্ঞাসাবাদের সময় ছেলেধরা সন্দেহে মারধর করা হয়। পরে আশপাশের আরো লোকজন সেখানে জড়ো হয়ে তাকে পিটুনি দেন।

৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, রাজুর সঙ্গে থাকা শিশুটি তার পরিচিত ছিল কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর স্থানীয় লোকজনের অনেকেই ঘটনাস্থল থেকে সরে যান। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও