গোপালগঞ্জের ঐতিহ্যবাহী নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান আজ রোববার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে স্কুল অ্যান্ড কলেজের ছাত্রাবাসের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা পরিবারের তিন সদস্য আবুল হোসেন তালুকদার, বাদল তালুকদার ও ওবায়েদুল হক তালুকদার। এরপর নবীনদের বরণ করার মাধ্যমে প্রাক্তন ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের সবাইকে পাঠ্যবই দেয়া হয়।
কলেজের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ হুমায়ূন কবির তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি প্রাক্তন ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ড. সিদ্দিক উর রহমান, উপদেষ্টা ওবায়েদুল হক তালুকদার, সাধারণ সম্পাদক হাইজুল ইসলাম, এডহক কমিটির সদস্য গাজী কামরুল ইসলাম, আশরাফ উদ্দিন মোল্লা, প্রাইমারি কমিটির সভাপতি বায়েজিত শিকদার কামাল, প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের সফল বাস্তবায়নে সবার সহযোগিতা প্রত্যাশা করা হয়। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।