মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারকে একটি বহুমাত্রিক সমস্যা হিসেবে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমেই এর সমাধান সম্ভব নয়। এক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করতে হবে।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২৫’ উদযাপন উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদকের বিস্তার রোধে মাদক বিরোধী প্রচার কার্যক্রম আরও জোরদার করতে হবে। যে কোনো দেশের উন্নতির প্রধান নিয়ামক হলো, কর্মক্ষম বিপুল যুবশক্তি। আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত ও দক্ষ যুবশক্তিই পারে দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যখনই বৈষম্য, বঞ্চনা, অবিচার ও মূল্যবোধের সংকট তৈরি হয়েছে, তখনই যুব সমাজ সংকল্প ও ঐক্যের মাধ্যমে তা প্রতিহত করেছে।
উপদেষ্টা আরো বলেন, জুলাই ছাত্র-যুব-জনতার গণঅভ্যুত্থান যুব সমাজ ও তারুণ্যেরই বিজয়। উন্নত রাষ্ট্রে পরিণত হতে হলে, তরুণ সমাজকে অবশ্যই মাদকমুক্ত রাখতে হবে।
তিনি বলেন, আমাদের দেশে মাদক চোরাচালানের একটি ভয়াবহ দিক হলো নারী, শিশু ও কিশোরদেরকে এ কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে তাদের মধ্যে অপরাধপ্রবণতা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি তাদের একটি উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে।
তিনি আরো বলেন, এ সমস্যা সমাধানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় এক সঙ্গে কাজ করে যাচ্ছে।
উপদেষ্টা বলেন, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে নতুন সিনথেটিক ও সেমি-সিনথেটিক ড্রাগস বা নিউ সাইকোঅ্যাকটিভ সাবস্টেন্সের (এনপিএস) আবির্ভাবের ফলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারজনিত সমস্যা আরো ঘনীভূত হয়েছে।
উপদেষ্টা বলেন, নতুন নতুন এসব মাদক নিয়ে আমাদের নতুনভাবে কর্মকৌশল তৈরি করতে হচ্ছে। এসব মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে এগুলোকে আইনের তফশিলভুক্ত করার পাশাপাশি কৌশলগত নজরদারি বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকারের একান্ত সদিচ্ছায় এরই মধ্যে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (কর্মকর্তা-কর্মচারী) অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা-২০২৪’ প্রণীত হয়েছে। অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রথম ব্যাচের অস্ত্র চালনার প্রশিক্ষণ প্রদান সম্পন্ন হয়েছে। এর ফলে আভিযানিক ঝুঁকি হ্রাসের পাশাপাশি অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান পরিচালনায় আরো সাফল্য আসবে।
উপদেষ্টা আরো বলেন, সম্প্রতি সাতটি বিভাগীয় শহরে ১ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে ‘সাতটি বিভাগীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নির্মাণ’ প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। তাছাড়া মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে পৃথক কারাগার নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে।