চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় একটি পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে শহরের টিকরামপুর এলাকার মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো, মধ্যপাড়ার মো. দেলোয়ারের ছেলে দিদার (৫) ও একই এলাকার মো. হোসেনের মেয়ে তিশা (৩)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সকালে শিশু দিদার ও তিশা বাড়ির পাশে খেলা করার সময় তারা বাড়ির পাশেরই একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন তাদের অনেক খোঁজাখুঁজি করার পর বেলা সাড়ে ১১টার দিকে পুকুরে ভাসতে দেখা যায়।
এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক তাদেরকে মৃত ঘোষণা করেন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।