জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং ৩০০ আসনই দলটির লক্ষ্য। এ কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরো জানান, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখায় খালেদা জিয়ার সম্মানে ওইসব আসনে এনসিপি প্রার্থী দেবে না। এর বাইরে সব আসনেই প্রার্থী দেবে দলটি।
আজ বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় সম্প্রতি মৃত্যুবরণ করা জুলাই যোদ্ধা সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি, আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং ৩০০ আসনই আমাদের লক্ষ্য। তবে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখায় খালেদা জিয়ার সম্মানে আমরা ওইসব আসনে প্রার্থী দেবো না। এছাড়া আমরা সব আসনেই শাপলা কলি মার্কার প্রার্থী দেবো।
তিনি আরো বলেন, সমঝোতা বা জোট রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। জুলাই সনদ ও আমাদের সংস্কারের দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল সংহতি প্রকাশ করে, সে ক্ষেত্রে জোটের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। কিন্তু আমরা এখন পর্যন্ত এককভাবেই এগোচ্ছি।
এলাকায় যেসব মানুষের গ্রহণযোগ্যতা আছে তাদের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় এনসিপি— এমনটি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের সংস্কৃতিতে দেখেছি, যাদের টাকা আছে, গডফাদারগিরি করে, তারাই নির্বাচনে দাঁড়ায়। আমরা সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। এলাকার যার গ্রহণযোগ্যতা আছে, সাধারণ মানুষের পাশে পাওয়া যায় যাকে, এমন খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এলাকার শিক্ষক, ইমাম ও গ্রহণযোগ্য কাউকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই। আমরা সেই উদ্দেশ্যে কাজ করছি।
এনসিপির আরেক নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ১৫ নভেম্বরের মধ্যে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি।