ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেছনে থেকে আরেক বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আজ শুক্রবার বিকাল ৪টার দিকে শিবচরের পাঁচ্চর এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে ঢাকাগামী পালকি পরিবহনের বাসটি যান্ত্রিক ত্রুটির কারণে সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পালকি পরিবহনের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।