চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্য নিহত, আহত একাধিক

সাতকানিয়ায় নির্বাচনি দায়িত্ব শেষে একটি বাসে করে গার্ডে ফিরছিলেন ২৩ জন আনসার সদস্য। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রেলিংয়ে উঠে উল্টে যায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন অঙ্গীভূত সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে কর্ণফুলী টানেলের পতেঙ্গা প্রান্তের চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সাতকানিয়ায় নির্বাচনী দায়িত্ব শেষে একটি বাসে করে গার্ডে ফিরছিলেন ২৩ জন আনসার সদস্য। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রেলিংয়ে ওঠে উল্টে যায়।

ঘটনাস্থলেই মো. আব্দুল জব্বার নামের এক আনসার সদস্য মৃত্যুবরণ করেন। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় তার বাড়ি। তিনি পতেঙ্গাস্থ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩ জন সদস্য চট্টগ্রাম বিএনএস হাসপাতালের আইসিইউতে আর ৭ জন এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী টানেল এলাকায় দায়িত্বরত নৌবাহিনীর কর্মকর্তা মো. ফারুক জানান, দুর্ঘটনাটি নেভি গেট এলাকায় সংঘটিত হয়। এতে ঘটনাস্থলেই একজন আনসার সদস্য নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে নৌবাহিনীর হাসপাতালে নেয়া হয়েছে।

এ ঘটনায় আনসার বাহিনীতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিহত সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

আরও