অন্তর্বর্তী সরকার হামের টিকা না আনায় অনেক শিশু মারা গেছে —স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘বিগত অন্তর্বর্তী সরকার এ দেশের জনগণের জন্য তেমন কিছুই করতে পারেনি।

মূলত তাদের অভিজ্ঞতার অভাব। হামের টিকা দেশে আনেনি। যে কারণে অনেক শিশু মারা গেছে। এভাবে অদক্ষ লোকের হাতে দেশ পড়লে মানুষের অনেক ভোগান্তি হয়।’

গতকাল বিকালে ভোলার সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন স্পিকার।

তিনি বলেন, ‌‘তারা (অন্তর্বর্তী সরকার) নিরপেক্ষ সরকার ছিল, কিন্তু অভিজ্ঞতার কারণে দেশ সঠিকভাবে পরিচালনা করতে পারেনি। তবে তারা একটি সুষ্ঠু নির্বাচন করেছে।’

গতকাল ভোলা সফরের অংশ হিসেবে দুপুর ১২টায় বরিশাল নগরীর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার থেকে রাজনীতির প্রতি মানুষের বেশি আকর্ষণ। বাংলাদেশটা স্বাধীন হয়েছে রাজনৈতিক আগ্রহের কারণে। কখনো আবার স্বৈরশাসন যখম মানুষের ওপর চেপে বসে সে সময় ছাত্র-যুবকরাই জনগণের পক্ষ থেকে রাজপথে নেমে এসে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে আবার প্রবর্তন করে।’

তিনি আরো বলেন, ‘গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সম্প্রীতি অর্জন সম্ভব নয়। সেদিক দিয়ে রাজনীতি একটি ভালো দিক, আমি লক্ষ করেছি। এর মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে। গণতন্ত্রের প্রতি তাদের ঐকান্তিক আগ্রহ বেড়েছে। এটি বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে।’  

এ সময় স্পিকার আরো বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থা আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব।’

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্র-জনতা, সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে মাফিয়া তন্ত্রের অবসান ঘটিয়েছে, সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়। এ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা হবে বাংলাদেশের মাটিতে, এটাই কামনা করি। পাশাপাশি গণতন্ত্রের মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।’

স্পিকার আরো বলেন, ‘একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হয়েছে। আশা করি, এ সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।’

এর আগে স্পিকার বরিশালে তার শৈশব কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেন।

এর আগে বরিশাল সার্কিট হাউজে স্পিকারকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সেখান থেকে ভোলার উদ্দেশে রওনা দেন তিনি।

আরও