বান্দরবান-কেরানিহাট (কেবি) সড়কে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (৯ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সড়কটির মাঝেরপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
মৃত মো. রাশেদুল ইসলাম (১৯) বান্দরবান বাজারের চাউল ব্যবসায়ী মো. ওসমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বান্দরবানের দিক থেকে জরুরি ঔষধ সরবরাহ লেখা সম্বলিত একটি মিনি ট্রাক আসছিল। অপর দিকে কেরানিহাটের দিক থেকে আসা একটি মোটরসাইকেল দ্রুত গতিতে বান্দরবানের দিকে যাচ্ছিল। পথে মাঝেরপাড়া মসজিদের সামনে পৌঁছালে মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক ছিটকে পড়ে যান। আর মোটরসাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে কেরানিহাটের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবকটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।