নারীর ক্ষমতায়ন ও শিশুদের সুরক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষার সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ।

সোমবার (৬ এপ্রিল) ঢাকায় গুলশানে লেকশর হোটেলে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষার সুপারিশ: রাজনৈতিক দলের প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের ৫১ শতাংশ নারী ও ৩৩ শতাংশ শিশু সমাজেরই অংশ এবং সম্পদ। নারীর ক্ষমতায়ন ও শিশুদের সুরক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। প্ল্যান ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থার সাথে যৌথভাবে কাজ করে নারী নির্যাতন প্রতিরোধ, শিশু অধিকার সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাষ্ট্রের পাশাপাশি সমাজের সকলের দায়বদ্ধতা রয়েছে। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে যে সকল সুপারিশ রয়েছে, তা শুধু কাগজে-কলমে নয়, মাঠপর্যায়ে সকলে মিলে বাস্তবায়ন করতে হবে।

নারীপ্রধান পরিবারগুলোকে সরাসরি সুবিধা স্বাবলম্বী করতে সরকার ইতিমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ প্রোগ্রামসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, এদেশে নারী ও শিশু নির্যাতনে যে পরিমাণ আইন রয়েছে, তা অন্য কোনো সভ্য দেশের কোথাও নেই।

শক্তিশালী আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি এবং এনজিও-সরকারি অংশীদারিত্বের মাধ্যমে নারী ও শিশু সুরক্ষাকে আরো সুরক্ষিত করার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে নারী ও শিশু সুরক্ষা বিষয়ক বিস্তারিত সুপারিশমালা উপস্থাপন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধিরা। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে শিশু বিবাহ প্রতিরোধ, লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ, শিশু শ্রম নির্মূল এবং মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর জোর দেন তারা। নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু অধিকার সুরক্ষার সুপারিশ, রাজনৈতিক দলের প্রতিশ্রুতি ও ভবিষ্যত করণীয় নানা বিষয় তুলে ধরেন এসময় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, রাজনীতিবিদ ডাক্তার তাসনিম জারা, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মেট্রোপলিটন এক্সিকিউটিভ কমিটির মেম্বার ডা. ফেরদৌস আরা খানম বক্তৃতা করেন।

আরও