বাংলাদেশে সিনথেটিক ফেব্রিক্স খাতে বিনিয়োগ করতে চায় শ্রীলঙ্কা

'বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার প্রস্তাবিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরের বিষয়টি দুদেশের সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বহুলাংশে বৃদ্ধি পাবে।'

বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদি জানিয়েছেন, তার দেশের উদ্যোক্তারা বাংলাদেশের সিনথেটিক ফেব্রিক্স খাতে বিনিয়োগ করতে চায়। এছাড়াও স্বাস্থ্যসেবা, পর্যটন, তথ্যপ্রযুক্তি, শিক্ষা এবং ওষুধ শিল্পে দু’দেশের উদ্যোক্তাদের যৌথ বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ঢাকা চেম্বার কার্যালয়ে আজ রোববার (১৬ মার্চ) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি। এছাড়া স্থানীয় পর্যটন খাতের উন্নয়নে শ্রীলঙ্কার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর জন্য বাংলাদেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি ।

ধর্মপাল বীরাক্কোদি বলেন, শ্রীলঙ্কা এরই মধ্যে বেশ কয়েকটি দেশের সঙ্গে পিটিএ স্বাক্ষর করেছে। বাংলাদেশে ও শ্রীলংকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে অতি দ্রুত পিটিএ স্বাক্ষর প্রয়োজন।

এ সময় তাসকীন আহমেদ বলেন, ২০২৩-২৪ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১৩৪ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতিবছর প্রায় ৯ দশমিক ৫ শতাংশ হারে বাড়ছে। বাংলাদেশের আর্থিক, টেক্সটাইল, বিদ্যুৎ, নির্মাণ এবং ওষুধ শিল্প খাতে শ্রীলঙ্কার বেশকিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান এরই মধ্যে প্রায় ৪২৮ দশমিক ৫৬ মিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে।

বাংলাদেশের কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, নির্মাণ শিল্প, স্বাস্থ্য সেবা, পর্যটন, তথ্যপ্রযুক্তি এবং এফএমসিজি খাতে আরো বিনিয়োগ করার জন্য শ্রীলঙ্কান উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। সেই সঙ্গে গভীর সমুদ্রে মৎস্য আহরণ, পর্যটন, শিপিং প্রভৃতি খাতে শ্রীলঙ্কার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।

ডিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রস্তাবিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরের বিষয়টি দুদেশের সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বহুলাংশে বৃদ্ধি পাবে।

এ সময় ডিসিসিআই ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মান এবং শ্রীলঙ্কা দূতাবাসের কনস্যুলর (কমার্শিয়াল) শ্রীমালি জয়ারত্নে ছিলেন।

সূত্র: বাসস

আরও