বরিশালে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিদিন নগরীর পাঁচটি পয়েন্টে ট্রাকে করে সয়াবিন তেল, চিনি, ডাল ও পেঁয়াজ বিক্রি করবেন টিসিবির ডিলাররা।
এছাড়া প্রতিদিন জেলা শহরে দুজন ডিলার এবং পাঁচটি করে উপজেলায় একজন করে ডিলার টিসিবি পণ্য বিক্রি করবেন। বাজারের চেয়ে তুলনামূলক কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন টিসিবি কর্মকর্তারা।
নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধে সারা দেশের মতো বরিশালেও গতকাল শুরু হয়েছে নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম।
সকালে নির্ধারিত ডিলাররা ব্যাংকে টাকা জমা দেয়ার পর নগরীর টিসিবির গোডাউন থেকে পেঁয়াজ, সয়াবিন, মসুর ডাল ও চিনি উত্তোলন করেন। পরে তারা বিভিন্ন পয়েন্টে ট্রাকে এসব পণ্য বিক্রি শুরু করেন।
বাজারে ৫০ টাকা কেজি দরের পেঁয়াজ টিসিবি ডিলারের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে কিনতে পেরে খুশি ক্রেতারা। এছাড়া বাজারের চেয়ে কম মূল্যে প্রতি লিটার সয়াবিন ৮০ টাকা, চিনি প্রতি কেজি ৫০ টাকা এবং ৫০ টাকা কেজি দরে মসুর ডাল কিনতে পেরে স্বাচ্ছন্দ্য রোধ করেন তারা। পণ্যের গুণগত মানেও সন্তুষ্ট তারা। এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন ক্রেতারা।