পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং কথিত ‘সার সিন্ডিকেট’ ভাঙার দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছিলেন ক্ষুব্ধ কৃষকরা। রোববার সকালে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে আধাঘণ্টার মতো যান চলাচল বন্ধ রাখেন তারা। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে ও আশ্বাসে কৃষকরা অবরোধ তুলে নেন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলার মহেন্দ্রনগর এলাকায় বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, চলতি মৌসুমে চাহিদামতো সার না পাওয়ায় তারা সময়মতো জমিতে প্রয়োগ করতে পারছেন না। নিয়মিত সার সরবরাহ নিশ্চিত করা এবং সার নিয়ে গড়ে ওঠা কৃত্রিম সংকট বা সিন্ডিকেট বন্ধের দাবিতে তারা সড়কে নামতে বাধ্য হন।
অবরোধের ফলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দুই পাশে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা কৃষকদের দাবি-দাওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনার আশ্বাস দিলে কৃষকরা সড়ক ছেড়ে দেন।
তবে সারের ঘাটতির বিষয়টি অস্বীকার করেছে জেলা প্রশাসন। লালমনিরহাটের জেলা প্রশাসক মুহহাম্মদ রাশেদুল হক প্রধান জানান, জেলায় সারের কোনো সংকট নেই। হাতীবান্ধার একটি ইউনিয়নে সার বিতরণের খবর শুনে মহেন্দ্রনগরে কৃষকরা চলে আসায় সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।
তিনি আরো বলেন, সারের কৃত্রিম সংকট তৈরির কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখে তাৎক্ষণিক কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।