হত্যা-লুটপাটে জড়িত নয়, এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতি করতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২১ মার্চ) রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদরাসা সংলগ্ন মাঠে দুস্থদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই।
যারা ছাত্র হত্যা করেনি, যারা অর্থ লোপাট করেনি- এমন সৎ ব্যক্তি নেতৃত্বে এলে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না- প্রশ্ন করেন রিজভী। তিনি বলেন, যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচার হতেই হবে। কোনো ফ্যাসিবাদের উত্থান যেন না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এর জন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।
জুলাই আন্দোলনে যারা গণহত্যায় জড়িত, তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর যারা হত্যা-লুটপাটে জড়িত নয়, তাদের যদি জনগণ রাজনীতি করার সুযোগ দেয়, আমাদের কিছু বলার নেই।