কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন উপলক্ষে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সময় রংপুরে যুবলীগ নেতা আমজাদ হোসেনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) সকালে পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই ইউনিয়নের রামচন্দ্রপাড়া গ্রামের আনসার আলীর ছেলে ও কৈকুড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি।
পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কৈকুড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন আমজাদ হোসেন। খবর পেয়ে সকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আমজাদ হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।